‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ || জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

প্রকাশিত August 16, 2026
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ || জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিলেটেও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট/১ ভfদ্র) জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস, সিলেটের যৌথ উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মৎস্য দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে উৎপাদন বৃদ্ধি, উন্নতমানের পোনা সরবরাহ এবং হ্যাচারি ও নার্সারি ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি মৎস্য চাষের বিভিন্ন চ্যালেঞ্জ দূর করতে হবে।
বিভাগীয় কমিশনার বলেন, সিলেটে মৎস্য চাষের উপযোগী প্রায় ২৫ হাজার পুকুর রয়েছে। এর মধ্যে মাত্র ৫ হাজারের মতো পুকুরে বর্তমানে মাছ চাষ হচ্ছে। কৃষিজমির পাশাপাশি বিপুলসংখ্যক পুকুর অনাবাদি পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। এ অবস্থা থেকে উত্তরণে অনাবাদি সব পুকুরকে পরিকল্পিতভাবে মৎস্য চাষের আওতায় আনতে হবে।
তিনি বলেন, সিলেটের মৎস্য খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগ এবং মৎস্য চাষি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় এ সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব।
এর মাধ্যমে সিলেটসহ সমগ্র দেশ মৎস্য উৎপাদনে আরও সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলার পুলিশ সুপার ড চৌধুরী যাবের সাদেক, জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সফল মৎস্য চাষি আবু তাহের বিল্লাল। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মৎস্য খাতে অবদান রাখায় তিন সফল মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়। পিআইডি