শাল্লায় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ সহ নানা কর্মসূচি পালিত

প্রকাশিত August 17, 2026
শাল্লায় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ সহ নানা কর্মসূচি পালিত

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
সোমবার (১৭ আগস্ট/২ ভাদ্র) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সন্দীপন মজুমদারের সার্বিক পরিচালনায় কর্মসূচির শুরুতেই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সহ অন্যান্য অতিথি।
বক্তারা বলেন, “আমাদের জাতীয় অর্থনীতি সমৃদ্ধকরণ ও আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। দেশীয় মৎস্য সম্পদের সুরক্ষা, মৎস্যজীবীদের স্বাবলম্বী করা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৎস্য চাষ বৃদ্ধি করতে সংশ্লিষ্ট দপ্তর ও মৎস্যচাষিদের একযোগে কাজ করতে হবে।”