জকিগঞ্জে আগুনে পোড়া মরদেহটি সুনামগঞ্জের এক লন্ডন প্রবাসীর

প্রকাশিত February 4, 2026
জকিগঞ্জে আগুনে পোড়া মরদেহটি সুনামগঞ্জের এক লন্ডন প্রবাসীর

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় হাওর থেকে উদ্ধার হওয়া আগুনে পোড়া ও গলায় দড়িবাঁধা মরদেহটির পরিচয় সনাক্ত হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির একটি টিম সনাক্ত করেছে যে, মরদেহটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বুরহান উদ্দিন শফির। তবে তিনি সিলেট মহানগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, নিহত বুরহান উদ্দিন শফির পিতার নাম সমছু মিয়া (মৃত)। তিনি গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় তার স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন।
এর আগে ৩ ফেব্রুয়ারি দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এলাকার কয়েক ব্যক্তি মরদেহটি পড়ে থাকতে দেখে জকিগঞ্জ থানায় খবর দেন।
প্রত্যক্ষদশীরা জানান, মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়ার স্পষ্ট চিহ্ন ছিল। গলায় ছিল দড়ি প্যাঁচানো। পাশে একটি লবণের প্যাকেটও পাওয়া যায়, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।
ধারণা করা হচ্ছে, হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্ট করার উদ্দেশ্যে মরদেহে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।
জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পিবিআই ও সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসে নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় সনাক্ত করে। পরে নিহতের স্বজনরাও ঘটনাস্থলে পৌঁছে পরিচয় নিশ্চিত করেন।
ওসি আব্দুর রাজ্জাক আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।