৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ককে উন্নয়নের নেটওয়ার্কে আনতে চান সিসিক প্রশাসক

প্রকাশিত October 14, 2026
৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ককে উন্নয়নের নেটওয়ার্কে আনতে চান সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মহাগরীর ৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ককে পর্যায়ক্রমে উন্নয়নের নেটওয়ার্কে আনা হবে।
তিনি আরো জানিয়েছেন, নগরীর যেসব সড়কের উন্নয়ন এখনো হয়নি, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রমের আওতায় নেওয়া হচ্ছে।
বুধবার (১৪ অক্টোবর/২৯ আশ্বিন) সকালে মহানগরীর ফাজিলচিশত খানবাড়ী সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সিলেটের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। তার সহযোগিতায় নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। ইতোমধ্যে অনেক সড়কের কাজ সম্পন্ন হয়েছে, অনেকগুলোর কাজ চলমান রয়েছে এবং বেশ কিছু সড়কের কাজ টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। পর্যায়ক্রমে ৪২টি ওয়ার্ডের সব সড়ক উন্নয়নের আওতায় আনা হবে।
তিনি বলেন, সড়ক উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় ড্রেন নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। টেকসই ও দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে সড়ক নির্মাণে আরসিসি ব্যবহার করা হচ্ছে। উন্নয়নকাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ফাজিলচিশত খানবাড়ী সড়ক ও ড্রেনের কাজ আরসিসি দিয়ে সম্পন্ন করা হয়েছে। ফলক উন্মোচনের মাধ্যমে সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধন শেষে সিসিক প্রশাসক এলাকাবাসীকে নিয়ে মোনাজাত করেন ।
এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মহসিন খান, হাসিব খান, ওয়ালী খান জাবেদ, ওয়াকিল খান পাবেদ, ওয়াসিফ খান, ইয়াজদান খান, ললিত আহমদ খান, সৈয়দ সাফেক মাহবুব, কায়ের চৌধুরী শাহান, বুরহান আফরোজ, আতিকুর রহমান পাপ্পু, রফিক খান, সাজ্জাদ আহমদ, তৌহিদ আহমদ, স্বাধীন, মেহদী হাসান বাবু, সেলিম আহমদ প্রমুখ।
পরে সিসিক প্রশাসক নগরীর চালিবন্দরে কাষ্টঘর প্রধান সড়কের উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় তিনি সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন এবং উন্নয়নকাজ যথাযথ মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুপুরে সিসিক প্রশাসক মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি মুরাদপুর প্রধান সড়কের উন্নয়নকাজ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন।
পরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে সড়কের উন্নয়নকাজ নিয়ে তাদের মতামত ও প্রয়োজনের কথা শোনেন। সংবাদ বিজ্ঞপ্তি