রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে ‘বাংলাপিডিয়া’ ও ‘মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ’ উদ্বোধন

প্রকাশিত October 13, 2026
রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে ‘বাংলাপিডিয়া’ ও ‘মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ’ উদ্বোধন

সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অরুন কান্তি গোস্বামী বলেছেন, “একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ও গৌরবময় ইতিহাস পৌঁছে দিতে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। গ্রন্থাগারে ‘বাংলাপিডিয়া’ ও ‘মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ’ যুক্ত হওয়ার ফলে স্থানীয় শিক্ষার্থী, তরুণ সমাজ এবং গবেষকরা দেশ, সমাজ ও স্বাধীনতার সঠিক ইতিহাস আরো গভীরভাবে জানার সুযোগ পাবেন।”
মঙ্গলবার (১৩ অক্টোবর) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে ‘বাংলাপিডিয়া’ ও ‘মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ’ আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
অরুন কান্তি গোস্বামী গ্রন্থাগারের সমৃদ্ধি কামনা করেন এবং তরুণ প্রজন্মকে নিয়মিত বই পড়ার ও ইতিহাস চর্চার আহ্বান জানান।
গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা রত্নদীপ দাস রাজু ও রত্নেশ্বর দাস রামু অনুষ্ঠানে যোগদান ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখার জন্য অধ্যাপক অরুন কান্তি গোস্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বইপ্রেমি ও নিয়মিত পাঠকেরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি