নিজস্ব প্রতিবেদক : নতুন নান্দনিক নাগরিকবান্ধব সিলেট গড়ার অঙ্গীকারে মাওলানা আতাউর রহমান সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করেছেন।
তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে এ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর/৩০ আশ্বিন) মহানগরীর তালতলা এলাকার একটি হোটেলে আহুত সংবাদ সম্মেলনে মাওলানা আতাউর রহমান জানান, তিনি অতীতের ন্যায় আগামীতেও নগরবাসীর অধিকার আদায়ে পাশে থাকতে চান।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আতাউর রহমান জানান, “হাজার বছরের ঐতিহ্যবাহী সিলেট শহরকে বিপর্যয় থেকে উদ্ধার করার লক্ষ্যই আমাকে বাধ্য করেছে এ পথে আসতে। যারাই আসেন তাদের মাঝে নতুনত্ব নেই। সমস্যা সমাধানের ফর্মূলা নেই। পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে দেখেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।”
তিনি মহানগরীর সমস্যা তুলে ধরে ১৫টি প্রস্তাবনা পেশ করেন।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর সিলেটের রেজিস্ট্রারি মাঠে এক নাগরিক সমাবেশে দলের আমীর আল্লামা মামুনুল হক মাওলানা আতাউর রহমানকে সিসিক নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেন।
মাওলানা আতাউর রহমানের ১৫টি প্রস্তাবনায় রয়েছে জলাবদ্ধতামুক্ত সিলেট, পরিচ্ছন্ন নগর, পরিকল্পিত সড়ক ও ফুটপাত, ডিজিটাল সিটি কর্পোরেশন, দুর্নীতিমুক্ত প্রশাসন, সবুজ নগর, নিরাপদ নগর, স্বাস্থ্যকর নগর, প্রবাসীবান্ধব উদ্যোগ, যুব ও কর্মসংস্থান, সংস্কৃতি ও পর্যটন, টেম্স নদীর মতো করে সুরমা নদীর উপর নান্দনিক দুটি সেতু ইত্যাদি।
খেলাফত মজলিসের নগর সভাপতি মাওলানা ইমরান আলমের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসেইন, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা ছানা উল্লাহ প্রমুখ।