জাতিসংঘে বাংলাকে দাপ্তরিক ভাষা করতে প্রচারণা অব্যাহত রাখার অঙ্গীকার

প্রকাশিত November 13, 2025
জাতিসংঘে বাংলাকে দাপ্তরিক ভাষা করতে প্রচারণা অব্যাহত রাখার অঙ্গীকার

জেসমিন মনসুর, বার্মিংহাম : বিশ্বে ৪ হাজারের বেশি ভাষার মধ্যে সপ্তম স্থানে থাকা বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ে দীর্ঘদিন ধরে ক্যাম্পেইন করে যাওয়া সংগঠন রিকগনেশন অফ বাংলা এজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনসের
সাধারণ সভা-২০২৫ ও ‘জাতিসংঘে বাংলা’ স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব গত ৯ নভেম্বর দুপুরে বার্মিংহামের মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা সংগঠনের বিভিন্ন রিজিওনের নেতৃবৃন্দসহ কমিউনিটির বিশিষ্টজনরা এতে অংশ নেন।
বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তফাজ্জল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান চৌধুরী এমবিইর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ এমপি ব্যরিস্টার আইয়ুব খান।
তিনি তার সামর্থ্যের মধ্যে বাংলাকে জাতিসংঘে দাপ্তরিক ভাষা হিসাবে অন্তর্ভুক্ত করাতে প্রচারণার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।
এছাড়া বাংলা ভাষাকে জাতিসংঘে দাপ্তরিক ভাষায় অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে অব্যাহত প্রচারণার প্রতিশ্রুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, সুইনডন কমিটির সভাপতি আরজু মিয়া এমবিই, কেন্দ্রীয় কার্যকরী সদস্য আব্দুল লতিফ জেপি, সাউথ ওয়েলস রিজিওনাল কমিটির সভাপতি কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মফিজুর রহমান, অর্থবিষয়ক সম্পাদক আবু তাহের এমবিই, বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা চৌধুরী যুবরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল হাছান চুনু, আব্দুল কাদির আবুল ও ফিরোজ খান, পোর্টসমাউথ কমিটির সভাপতি মাসুদ আহমদ, সাবেক কাউন্সিলার শাহীদ আলী, কেন্দ্রীয় সদস্য সাংবাদিক ফারুক যোশী, লন্ডন মহানগর কমিটির সভাপতি নাজমুল হোসেন চৌধুরী, কমিউনিটি নেতা ডা আব্দুল খালিক, সংম্যানচাস্টার কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা, পোর্টস মাউথ কমিটির সাধারণ সম্পাদক আবু সোয়েব তানজাম, বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম, প্রধান শিক্ষক রফিকুল আলম ,বাংলা কাগজের সহ সম্পাদক কলামিস্ট শেবুল চৌধুরী, কমিউনিটি নেতা মাফিজ খান, লেখক নাসির উদ্দীন হেলাল, কমিউনিটি নেতা আঙ্গুর মিয়া, কমিউনিটি এ্যাক্টিভিস্ট রাসিয়া খাতুন ও মিসেস রশিদ প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া করেন মাওলানা ওলিউর রহমান চৌধুরী দুবাগী।
সভাপতি তফাজ্জল হোসেন চৌধুরী তার স্বাগত
বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি তজাম্মেল টনি হক এমবিই সহ সকল প্রয়াত নেতাকে একবিংশ শতাব্দির ভাষা সৈনিক হিসাবে অভিহিত করে বলেন, কমিউনিটি তাদের অবদানকে ভুলবে না।
সভায় ব্রিটেনের বাংলাদেশ হাই কমিশনের হাই কমিশনার বা সহকারী হাই কমিশনার অথবা হাই কমিশনের কোন প্রতিনিধি উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।