নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি বাসচালকের সহকারী রশিদ আহমদকে পিবিআই গ্রেফতার করেছে।
সোমবার ভোরে সুনামগঞ্জের ছাতক উপজেলার বুড়াইগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সিলেট মহানগরীর পীরমহল্লা এলাকার বাসিন্দা।
পিবিআই সিলেটের বিশেষ পুলিশ সুপার খালেদ উজ জামান জানান, তাদের একটি বিশেষ দল রশিদ আহমদকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাসের চালক ও কনডাক্টর এখনো পলাতক। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
শনিবার সিলেট থেকে বাসে করে দিরাই যাওয়ার পথে এক কলেজছাত্রীকে একা পেয়ে চালক, কনডাক্টর ও চালকের সহকারী ধর্ষণের চেষ্টা করে। এ সময় সে চলন্ত বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে নিজের সম্ভ্রম রক্ষা করতে সক্ষম হলেও আহত হয়। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কলেজছাত্রীর বাবা ৩ জনকে আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেছেন।