বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : জ্বালানি সংকটের কারণে সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়কালে যখন বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার বিকল্প নেই তখন মৌলভীবাজারে দেদারসে বিদ্যুতের অপচয় হচ্ছে; কিন্তু এখন পর্যন্ত এই অপকর্মের বিরুদ্ধে তেমন কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি।
মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ বিচরণ। প্রতিদিন এগুলোর চলনশক্তির জন্যে প্রচুর বিদ্যুৎ প্রয়োজন, যা অবৈধ চার্জিং স্টেশন থেকে নেওয়া হয়। ফলে চাপ পড়ছে বিদ্যুৎ সরবরাহের উপর। তাই
প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা লোডশেডিংয়ে সাধারণ মানুষকে অর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কেবল শহরে নয়-অনেক গ্রামেও অবৈধভাবে চার্জিং স্টেশন গড়ে উঠেছে। এমনকি বাসাবাড়ি থেকেও অনুমোদনহীন অটোরিকশার ব্যাটারি চার্জ করা হয়।
সরেজমিনে বিভিন্ন চার্জিং স্টেশন ঘুরে দেখা যায়, একটি অটোরিকশায় ১২ ভোল্টের ৪ থেকে ৬টি ব্যাটারি থাকে, যা পূর্ণ চার্জ হতে সময় লাগে ৭ থেকে ১০ ঘণ্টা। প্রতিটি অটোরিকশায় দৈনিক লাগে ৮ থেকে ৯ ইউনিট বিদ্যুৎ। এ সময় নিরাপত্তা ঝুঁকিতো থাকেই।
এ বিষয়ে মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ সাব্বির জানান, মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং স্টেশনের কোন অনুমতি নেই।তবে ম্যাজিস্ট্রেট পাওয়া গেলে অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, এসব চার্জিং স্টেশন বন্ধে বিদ্যুৎ বিভাগ কোন পদক্ষেপ নিলে পুলিশ সহযোগিতা করবে।এছাড়া প্রতিদিন অবৈধ যানবাহন আটক করে মামলা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, মৌলভীবাজারে প্রায় আড়াই হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে বলে ধারণা করা হয়।