খাল খনন কর্মসূচি কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল : কাইয়ুম

প্রকাশিত April 27, 2026
খাল খনন কর্মসূচি কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল : কাইয়ুম

সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সূচিত খাল খনন কর্মসূচি দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল।
তিনি উল্লেখ করেন, খাল খননে সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটে, কৃষিজমিতে পানির সহজলভ্যতা বাড়ে এবং খাদ্যশস্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এর ধারাবাহিকতায় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং পরবর্তী সময়ে খাদ্য রপ্তানির সক্ষমতাও তৈরি হয়।
আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর ও সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচি সফল করার লক্ষ্যে রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় নগরভবন সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় কান্দিগাঁওসহ সদর উপজেলার বিভিন্ন এলাকার লোকজন অংশগ্রহণ করেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, খাল-নদী খনন শুধু কৃষি উন্নয়নের জন্য নয়-এটি জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রেক্ষাপটে পানি ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা সমস্যা সমাধানে এই ধরনের কর্মসূচির গুরুত্ব আরও বেড়েছে।
তিনি আরো বলেন, দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়ন বিএনপির অন্যতম অঙ্গীকার ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ, এবং সেই ধারাবাহিকতায় তিনি সিলেট সফরে আসছেন। তার এই সফর সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির জেলা সহসভাপতি শাহ জামাল নুরুল হুদা, শহীদ আহমদ ও আজির উদ্দিন, সদর উপজেলা সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ সাংগঠনিক সম্পাদক বাদশাহ আহমদ, মোগলগাঁও ইউনিয়ন সভাপতি বশির উদ্দিন, বিএনপি নেতা ফয়জুল আহমদ, আব্দুল আজিজ আলীম, আব্দুজ জহির, আযম আলী, আব্দুস সালাম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি