গোলাপগঞ্জে চোরাচালানের ৩৮ লাখ টাকার পণ্যসহ ২ জন গ্রেফতার

প্রকাশিত April 25, 2026
গোলাপগঞ্জে চোরাচালানের ৩৮ লাখ টাকার পণ্যসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় চোরাচালানের ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ ২ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল পৌণে ৫টার দিকে মহানগরীর উপকণ্ঠে শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস সড়কে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক থামালে ২ ব্যক্তি ট্রাক থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে; কিন্তু র‌্যাব সদস্যরা তাদেরকে আটক করতে সক্ষম হন।
পরে তাদের তথ্য ও দেখানো মতে আটক ট্রাক থেকে ১৫৯টি বস্তায় রক্ষিত ভারতীয় ৪ হাজার ৭৭০ কেজি জিরাসহ বিপুল পরিমাণ শ্যাম্পু, সাবান, চকলেট ইত্যাদি পণ্য জব্দ করে।
একই সাথে মো সেলিম হোসেন (৩৭, পিতা জাহাঙ্গীর মির্জা, নৌকালী, শাহাজাদপুর, সিরাজগঞ্জ) ও মো নাসিম আহম্মেদ মনিরকে (৩৮, পিতা মো আফ্ফাল প্রামাণিক, চয়ড়া, শাহাজাদপুর, সিরাজগঞ্জ) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।