মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক মাদক সেবনকারীকে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক করায় যেমনি দলের সাধারণ নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন তেমনি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে ফিরছে।
সম্প্রতি উপজেলার চৌমোহনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনে একটি সভা অনুষ্ঠিত হয়। এরপর গত বুধবার হঠাৎ করে হাফিজুর রহমান গোলাপ মিয়াকে সভাপতি ও মারফত আলীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।
উল্লেখ্য, ২০১৬ সালে মাধবপুর থানায় মারফত আলীর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়। তার ইয়াবা সেবনের একটি ভিডিওচিত্র ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।
এ ব্যাপারে চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ থাকায় তার পদবী স্থগিত করা হয়েছে।