দলের মধ্যে বিভক্তি সৃষ্টি সহ্য করা হবেনা : লন্ডনে কাইয়ুম চৌধুরী

প্রকাশিত September 3, 2025
দলের মধ্যে বিভক্তি সৃষ্টি সহ্য করা হবেনা : লন্ডনে  কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একজন বাংলাদেশী নাগরিক হিসেবে যে কেউ যে কোনো সংসদীয় আসনে প্রার্থী হতে পারেন; কিন্তু প্রার্থী সেজে দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করলে তা কোনোভাবেই সহ্য করা হবেনা।
তিনি হুশিয়ার করে দিয়ে বলেছেন, এমপি প্রার্থীতার নামে হঠাৎ করে নোংরা গ্রুপিং শুরু করলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুসারে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) লন্ডন সময় সন্ধ্যা ৭টায় রয়েল রিজেন্সি মিলনায়তনে যুক্তরাজ্য প্রবাসী সিলেট-৩ আসনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা বিএনপি সভাপতি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
কাইয়ুম চৌধুরী বলেন, ২০০৯ সালের পর থেকে বিএনপির আন্দোলনে প্রধান নেতাদের অন্যতম ছিলেন জননেতা এম ইলিয়াস আলী। ২০১২ সালে তাকে গুম করে ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী আন্দোলন দমনের অপচেষ্টা চালায়; কিন্তু নেতাকর্মীরা দমে যায়নি। বরং আরও অগ্নিস্ফূলিঙ্গ হয়ে রাজপথে ফয়সালার অপেক্ষায় থেকেছে।
তিনি বলেন, এখন নানা ষড়যন্ত্র মোকাবিলা করে জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে সারাদেশ অপেক্ষা করছে।
সভায় বিপুল সংখ্যক প্রবাসী সিলেটবাসী, বিএনপি নেতা-কর্মী এবং সর্বস্তরের কমিউনিটি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রবাসী নেতারা বলেন, প্রবাসী সিলেটবাসীর ঐক্য ও সক্রিয় ভূমিকা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।–সংবাদ বিজ্ঞপ্তি