সালেখের মরদেহ যুদ্ধ থেমে গেলেই দেশে আনা হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রকাশিত March 8, 2026
সালেখের মরদেহ যুদ্ধ থেমে গেলেই দেশে আনা হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থেমে গেলে এবং বিমান চলাচল স্বাভাবিক হলেই আরব আমিরাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার সালেখ উদ্দিন ওরফে আহমদ আলীর মরদেহসহ প্রবাসে নিহত বাংলাদেশীদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি আরো জানিয়েছেন, এই যুদ্ধে প্রবাসে কারো সমস্যা হলে তাকেও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ মন্ত্রণালয় নিবে।
রবিবার (৮ মার্চ/২৩ ফাল্গুন) বিকেলে মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নে আরিফুল হক চৌধুরী একথা বলেন।
মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই দূতাবাস ও বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে একটি মনিটরিং সেল গঠন করেছি, যেখানে সার্বক্ষণিক প্রবাসীদের সেফটি ও প্রয়োজনীয় সাপোর্টিংয়ের বিষয় দেখা হচ্ছে।
ঈদ উপলক্ষে নির্ধিারিত তারিখের মধ্যে দেশের সব শিল্পকারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এই নির্দেশনা কার্যকরে ৬টি মনিটরিং টিম গঠন করে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও জেলা বিএনপির নেতাকর্মীরা।
পরে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জ উপজেলায় নিজের দাদা-দাদীর কবর জিয়ারতে যান।