সিলেট-৪ আসনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সম্পদের সুষ্ঠু ব্যবহার করে এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন করা সম্ভব। আল্লার সৃষ্টি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত জাফলং, বিছনাকান্দি, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, পিয়াইন ও সারি নদীর মতো স্থানগুলো পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয়। এই পর্যটন কেন্দ্রগুলোকে এমনভাবে সাজাতে হবে, যাতে সবার নজর কাড়ে। দেশী-বিদেশী পর্যটকরা আকৃষ্ট হয়ে বার বার আসে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট ও হোটেল-মোটেল-রেস্টুরেন্ট গড়ে তুলতে হবে। এর মূল ভিত্তি হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও সুন্দর-নিরাপদ পরিবেশ বজায় রাখা।
বুধবার (৪ ফেব্রুয়ারি/২১ মাঘ) গোয়াইনঘাট উপজেলার পর্ব জাফলং ইউনিয়ন ও মধ্য জাফলং ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, “আমাদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে আমরা নিজেদের ভাগ্য পরিবর্তন করবো। আমরা সততা ও সাহসিকতা দিয়ে এগিয়ে যাবো। বিএনপি সরকার গঠন করলে কোনো রক্তচক্ষু আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবেনা। সকল চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা স্বচ্ছতা ও অগ্রগতির পথে এগিয়ে যাবো।”
এর পূর্বে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং দরবস্ত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম, জৈন্তাপুর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা হিলাল আহমদ, মাওলানা আবু হানিফ, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহার আলম বাহার, মাওলানা ওলিউর রহমান, আজির রহমান, দরবস্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসলিম আলী মেম্বার, আব্দুল লতিফ, আব্দুল মনাফ, আব্দুল হাই, আব্দুল ওয়াদুদ মেম্বার, মাহমুদ আলী মেম্বার ও আব্দুল বারী।
অন্যান্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি জিল্লুর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্মআহবায়ক ফয়েজ আহমদ দৌলত, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জেলা তাঁতীদলের আহবায়ক মো হানিফ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি