র‌্যাবের অভিযানে নাসিরনগরে জিতু মেম্বার হত্যা মামলায় গ্রেফতার ৪

প্রকাশিত February 4, 2026
র‌্যাবের অভিযানে নাসিরনগরে জিতু মেম্বার হত্যা মামলায় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জিতু মেম্বার হত্যা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ ঘটনার বিবরণ দিয়ে জানায়, উপজেলার ধরমণ্ডল এলাকার জিতু মিয়া প্রাক্তন ইউপি মেম্বার। প্রতিপক্ষের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় গত ১২ জানুয়ারি আনুমানিক রাত সাড়ে ৮টায় তিনি ধরমণ্ডল বাজারে যাওয়ার পথে অটোস্ট্যান্ডের নিকট গেলে পূর্ব হতে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ তাকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে নিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জিতু মিয়ার ছেলে বাদি হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার (৪ ফেব্রুয়ারি/২১ মাঘ) আনুমানিক রাত আড়াইটায় জেলার সরাইল উপজেলার বুধন্তি এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ২ জন ও তদন্তে প্রাপ্ত ২ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো ধরমণ্ডল গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে মো তাহের মিয়া (৫০) ও নসাই মিয়া (৫৫) এবং মো তাহের মিয়ার ছেলে নাসির মিয়া (২২) ও মো রাকিবুল ইসলাম ওরপে রাহিমুল ইসলাম (২৪)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।