নিজস্ব প্রতিবেদক : আগামী ২৫ আগস্ট সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ-সিউকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে।
ঐদিন দুপুর ১২টায় হবে উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। উদ্বোধক হিসেবে থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রবাসী ও বৈদেশিক কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এছাড়া সিলেটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
রবিবার (২৩ আগস্ট/৮ শ্রাবণ) মহানগরীর নাইওরপুল সংলগ্ন হোটেল ফরচুন গার্ডেনে সিউকের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এ তথ্য জানান।
তিনি জানান, সিলেট মহানগরী সহ আশপাশের প্রায় ৯৯৫ বর্গকিলোমিটার এলাকা সিউকের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
তিনি পরিকল্পিত, সমন্বিত ও আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে জানান, এ জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজ সহ বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হবে।