আন্দোলন-সংগ্রামের অন্যতম অংশীদার স্বেচ্ছাসেবক দল : আব্দুল কাইয়ুম চৌধুরী

প্রকাশিত August 19, 2026
আন্দোলন-সংগ্রামের অন্যতম অংশীদার স্বেচ্ছাসেবক দল : আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের অন্যতম অংশীদার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করে রাজপথে সক্রিয় ছিলেন। তাদের ত্যাগ ও তিতিক্ষা গণতন্ত্রের সংগ্রামের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরো বলেছেন, “এই সময়ে এসে বিএনপি সরকার পরিচালনা করছে। গণতান্ত্রিক যাত্রাপথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরও অনেক ত্যাগ ও বিসর্জন রয়েছে। তবে এই পথচলা এখানেই শেষ নয়। আগামীর গণতান্ত্রিক বাংলাদেশকে উজ্জীবিত ও সমৃদ্ধ রাখতে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
বুধবার (১৯ আগস্ট/৪ ভাদ্র) বিকেল ৪টায় ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রার পূর্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের ডালপালা বিস্তৃত হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় অতীতের মতো রাজপথে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকতে হবে।
তিনি বলেন, ”আপনাদের ত্যাগ-তিতিক্ষার কথা বিএনপি সবসময় মনে রাখবে।”
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মোর্শেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্মআহ্বায়ক মিফতাউল কবির মিফতার পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক আলী মো নরুল হুদা, দেলওয়ার হোসেন, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, সৈয়দ সারওয়ার রেজা, কায়ছান মাহমুদ সুমন, জাহাঙ্গীর মিয়া প্রমুখ।
সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি