মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল/২৪ চৈত্র) সকাল ১০টায় মধ্যনগর শহীদ মিনার চত্বরে হাওর ও নদী রক্ষা আন্দোলন এর আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের মধ্যনগর উপজেলা আহ্বায়ক আশরাফ উদ্দিন হিল্লোল। জেলা সাধারণ সম্পাদক মো ওবাইদুল হক মিলনের সঞ্চালনায় আরো অংশ নেন টগা, এমাইট্টাইন, কাইলানী, শালদীঘা, বোয়ালা, মরিচাউরী ও বাইনচাপড়াসহ হাওরপারের বিভিন্ন গ্রামের কৃষকরা।
এ সময় বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা সভাপতি মো রাজু আহমেদ, সহসভাপতি ওবায়দুল মুন্সী, মধ্যনগর উপজেলার সদস্য সচিব খসরুজ্জামান কবীর, যুবদলের অন্যতম নেতা মো সাজিবুল, মো আব্দুল আলীম, অরুণ তালুকদার, সেন্টু রায়, মোজাহিদ, মোক্তার আহমদ, মো বিল্লাল, হারিছ মিয়া, সালাম মিয়া, আব্দুল হেকিম, ছাত্তার মিয়া, হেকিম আলী, শিতু বাবু, আব্দুল কুদ্দুস, রবিন মিয়া, লেখক আতিকুর রহমান, আতিউর রহমান চৌধুরী, সুজিত কানু, মেহেদী হাসান মুক্ত প্রমুখ।
গণসমাবেশে বক্তারা বলেন, হাওরের জন্য বরাদ্দকৃত টাকার অপব্যবহার, অপরিকল্পিত বাধ নির্মাণ, সংশ্লিষ্টদের দুর্নীতি ও উদাসিনতার কারণে সামন্য বৃষ্টিতেই মধ্যনগরসহ জেলার অসংখ্য হাওরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পাকার আগেই তলিয়ে গেছে সহস্র কৃষকের বোরো ধান। জলাবদ্ধতা নিরসনে নিজ উদ্যোগে পাম্প দিয়ে পানি অপসারণের চেষ্টা করছেন তারা; কিন্তু সরকারি কোন অর্থ সহযোগিতা নেই।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।