ভারতের চুনাপাথর ও কয়লা আমদানি বন্ধের চক্রান্তের প্রতিবাদে বাগলীতে মানববন্ধন

প্রকাশিত January 17, 2021
ভারতের চুনাপাথর ও কয়লা আমদানি বন্ধের চক্রান্তের প্রতিবাদে বাগলীতে মানববন্ধন

তাহিরপুর প্রতিনিধি : ভারতের মেঘালয় হতে চুনাপাথর ও কয়লা আমদানি কার্যক্রম বন্ধ করার চক্রান্তের প্রতিবাদে সুনামগঞ্জের বাগলী স্থল শুল্কস্টেশনে মানববন্ধন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় বাগলী চুনাপাথর আমদানিকারক গ্রুপ, চুনাপাথর ও কয়লা সরবরাহকারী ব্যবসায়ী ও শুল্কস্টেশনে কর্মরত শ্রমিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বাগলী চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি খালেক মোশারফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, দেশের কিছু মুনাফাখোর সিন্ডিকেট সিলেট ও সুনামগঞ্জের স্থল শুল্কস্টেশনগুলো দিয়ে ভারতের মেঘালয় হতে চুনাপাথর ও কয়লা আমদানি কার্যক্রম বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তারা বলেন, এসব শুল্কস্টেশন দিয়ে চুনাপাথর ও কয়লা আমদানি বন্ধ হয়ে গেলে এসব সিন্ডিকেট ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ হতে চুনাপাথর ও কয়লা আমদানি করে দেশের সিমেন্ট কারখানা, চুন শিল্প, ইস্পাত শিল্প ও ইটভাটায় এমনকি নির্মাণ শিল্পের উপরও একচেটিয়া আধিপত্য বিস্তার করে মুনাফা হাতিয়ে নেবে।
মানববন্ধনে বাগলী চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি শাহজাহান খন্দকার, সহ সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক ডা মনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আলী হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুল হাসান লিটন, আমদানিকারক আব্দুল আলীম, ডা মাফিকুল আলম, শেখ মোস্তফা, তাহেরুল ইসলাম, ডা ছোবাহান, খোকন মিয়া, মোহাম্মদ আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।