সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘বিএনপি মানেই উন্নয়ন-বিএনপি মানেই জনগণের অধিকার। বিএনপি ক্ষমতায় গেলে শুধু কথার উন্নয়ন নয়-বাস্তব উন্নয়ন হবে। রাস্তাঘাট, স্বাস্থ্যখাত, শিক্ষাখাত ও কর্মসংস্থানসহ দেশের প্রতিটি সেক্টরে অভূতপূর্ব পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেছেন, সিলেট-২ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে ভাঙাচোরা রাস্তা উন্নয়নের নামে যে বৈষম্য হয়েছে তা আর আমরা দেখতে চাই না। বিএনপি ক্ষমতায় এলে এই জনপদের প্রতিটি রাস্তা হবে টেকসই ও মানসম্মত। গ্রাম থেকে হাট-বাজার, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগবে।
শনিবার (৩১ জানুয়ারি/১৭ মাঘ) বিকেলে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর বাজারে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় বিএনপি নেতা মাসুদ আহমদের সভাপতিত্বে ও বিএনপি নেতা রাজা মিয়ার পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মঈনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক মো ময়নূল হক, জেলা বিএনপি নেতা আব্দুল জলিল জিলু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, শাহ মো এহিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা মো জামাল উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি