নারীর ক্ষমতায়নে জিয়াউর রহমানের ভূমিকা অগ্রগণ্য : সিসিক প্রশাসক

প্রকাশিত March 8, 2026
নারীর ক্ষমতায়নে জিয়াউর রহমানের ভূমিকা অগ্রগণ্য : সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নে অগ্রগণ্য ভূমিকা রেখেছিলেন। তিনি ১৯৭৬ সালে প্রথমবারের মতো নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করে নারীদের রাষ্ট্রীয় ও সামাজিক মূলধারায় অন্তর্ভুক্তির পথ সুগম করেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার (৮ মার্চ/২৩ ফাল্গুন) বিকেলে সিলেট জেলা মহিলা দল আয়োজিত ‘অদম্য নারী সম্মাননা’, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জিয়াউর রহমান বিভিন্ন পেশায় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্থানীয় সরকারে নারীদের জন্য সংরক্ষিত আসন প্রবর্তন এবং আত্মনির্ভরশীলতা আন্দোলনে নারীদের সম্পৃক্ত করার মাধ্যমে নারীর ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীর শিক্ষা বিস্তারে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। তার সরকার দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা, উপবৃত্তি এবং ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচি চালু করে। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ জোর দেয়। সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাসনিম শারমীন তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা জিয়াউর রহমান, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সামা হক চৌধুরী, মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সালেহা কবির শেপী এবং মহানগর মহিলা দলের যুগ্মসাধারণ সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ফাতেমা জামান রোজী। সংবাদ বিজ্ঞপ্তি