নবীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর জনসভাস্থলে ২টি ককটেল বিস্ফোরণ : আহত ৩ জন

প্রকাশিত January 11, 2021
নবীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর জনসভাস্থলে ২টি ককটেল বিস্ফোরণ : আহত ৩ জন

নবীগঞ্জ প্রতিনিধি : রবিবার সন্ধার পর নবীগঞ্জ নতুনবাজার মোড়ে নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর সমর্থনে আয়োজিত পথসভা শেষ না হতেই সেখানে ২টি ককটেল বিস্ফোরিত হয়। এতে আহত হন কমপক্ষে ৩ জন। এছাড়া আশেপাশে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
আহতরা হলেন, পৌর এলাকার সালামতপুর গ্রামের ছমির মিয়ার ছেলে নজির মিয়া (৩৬), ভানুদেভ গ্রামের ফিরোজ মিয়ার ছেলে শিপন আহমদ (২২) ও প্রজাতপুর গ্রামের হুসেইন মিয়ার ছেলে তারেক আহমদ (২৪)। তাদেরকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, পথসভার প্রধান অতিথি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল বক্তৃতা শেষে সভাস্থল ত্যাগ করার সঙ্গে সঙ্গে নতুনবাজার গোলচত্বর মোড়ে বিকট শব্দে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মানুষ আতংকে দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
নবীগঞ্জ থানার ওসি মো আজিজুর রহমান জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক আছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কোন অপশক্তি নির্বাচনকে প্রভাবিত করতে পারবেনা।