নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামিকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, উপজেলার সুজাতপুর গুচ্ছগ্রাম এলাকার এক কিশোরী গত বছরের ২১ নভেম্বর দুপুর দেড়টার দিকে একই এলাকার এক যুবকের ঘর সংলগ্ন টিউবওয়েল থেকে পানি আনতে গেলে যুবক জোরপূর্বক তাকে বসত ঘরে নিয়ে হাত, পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। এরপর তাকে বিয়ের আশ্বাস ও কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে তার সাথ শারীরিক সম্পর্ক চালিয়ে যায়। এক পর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং মাকে সবকিছু খুলে বলে।
এ ঘটনায় কিশোরীর মামা বাদি হয়ে জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে এর পরিপ্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল রবিবার (৫ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ৮টায় জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় অভিযান পরিচালনা মামলার এজাহারনামীয় একমাত্র আসামি সুফিয়ানকে (৩০, পিতা আবুল কাশেম, সুজাতপুর গুচ্ছগ্রাম, জামালগঞ্জ, সুনামগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।