কানাইঘাটে উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করেছে র‌্যাব

প্রকাশিত January 31, 2026
কানাইঘাটে উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের কানাইঘাট উপজেলায় উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরির উপকরণ পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের কুওরেরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের ভিতর পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করতে সক্ষম হয়।
এ ধরনের পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়।
র‌্যাব-৯ জানায়, এসব পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটরের সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর সমূহ নাশকতার কাজে ব্যবহারের বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটরগুলো কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।