মধ্যনগর প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশে সকল ইসলামী সংগঠনের ঐক্যের কোনো বিকল্প নেই। ইসলামী শক্তি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে অন্য দেশ থেকে হিন্দুরা শান্তি ও মুক্তির আশায় দলে দলে বাংলাদশে চলে আসবে।
বুধবার (১৩ আগস্ট/২৯ শ্রাবণ) বিকেলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে বাংলাদেশ ইসলামী আন্দোলন মধ্যনগর উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম সংস্কার সম্পন্ন করে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান।
তিনি সাধারণ শ্রমিকদের স্বার্থে বৈধভাবে পাথর উত্তোলনের জন্যে পাথর কোয়ারি খুলে দেওয়ারও দাবি জানান।
প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সারাদেশে খুন, লুণ্ঠন ও চাঁদাবাজি বন্ধ, পিআর পদ্ধতিতে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আয়োজিত গণসমাবেশে দলের মধ্যনগর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক (বিভাগীয়) সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, কেন্দ্রীয় সূরা সদস্য, সুনামগঞ্জ জেলা সভাপতি সুনামগঞ্জ-৪ আসনে প্রার্থী মুফতি শহীদুল ইসলাম পলাশী, সুনামগঞ্জ-১ আসনে প্রার্থী হাফিজ মাওলানা মুফতি ফখর উদ্দিন, নেত্রকোনা-১ আসনে প্রার্থী আব্দুল কাইয়ুম, হাফেজ মো সাইফুল ইসলাম, ছাত্র আন্দোলনের সভাপতি মামুন হোসেন, মো বাসিত, মো আবু তাহের, সাব্বির আহমেদ, জামায়াতে ইসলামীর নেতা মোছাব্বির আলম, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি যোবায়ের শামীম, মো উমর ফারুক, মাওলানা মাঈন উদ্দিন, সুনামগঞ্জ ইসলামী যুব আন্দোলন নেতা আব্দুল হাদী ও সিদ্দিকুর রহমান।