সুনামগঞ্জে দস্যুতা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত May 20, 2026
সুনামগঞ্জে দস্যুতা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সুনামগঞ্জে দস্যুতা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ গোলগাঁও এলাকার ফটোগ্রাফার জয়নাল আবেদীন (২৫) গত ১৫ এপ্রিল সুনামগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে ভিডিওচিত্র ধারণ ও ছবি তোলার জন্য গিয়ে প্রতারণার শিকার হন।
প্রতারকরা সেদিন রাত সাড়ে ৯টার দিকে তাকে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদার বাজার সংলগ্ন হরিনাপাটি ঈদগা মাঠের পাশে নিয়ে গিয়ে তার ক্যামেরা, লেন্স, লাইট, মেমোরি কার্ড, মোবাইল ফোন, চার্জার ও নগদ সাড়ে ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় জয়নাল আবেদীন সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে ।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বুধবার (২০ মে/৬ জ্যৈষ্ঠ) আনুমানিক রাত আড়াইটায় সুনামগঞ্জ সদর উপজেলার হরিনাপাটি এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি শাহিদ আলীকে (৪৩, পিতা আক্কাস আলী, হরিনাপাটি, সুনামগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।