সিসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্যে ৪১ লাখ ৩৫ হাজার টাকা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত May 22, 2026
সিসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্যে ৪১ লাখ ৩৫ হাজার টাকা দিলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন- সিসিকের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ৪১ লাখ ৩৫ হাজার টাকার অনুদান দিয়েছেন
শুক্রবার (২২ মে/৮ জ্যৈষ্ঠ) সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদানের চেক গ্রহণ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক সিলেট সফরের প্রসঙ্গ তুলে নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের প্রশংসা করেন।
তিনি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সিলেটের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের ধারাবাহিকতা বজায় রাখতে সিসিক প্রশাসনের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের বিষয়গুলো গভীরভাবে উপলব্ধি করেন এবং তাদের পাশে দাঁড়ান। পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উদযাপনে এই অনুদান তার মানবিক নেতৃত্বের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, সিলেট মহানগরীর উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। সিলেটকে আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত নগর হিসেবে গড়ে তুলতে তিনি বিভিন্ন সময় প্রয়োজনীয় দিকনির্দেশনা, উৎসাহ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই অনুদানে পরিচ্ছন্নতা কর্মীরা আরও উৎসাহিত হবেন এবং তাদের কাজের গতি ও মনোবল বৃদ্ধি পাবে।
সিসিক প্রশাসক সিলেটের উন্নয়নে অব্যাহত সহযোগিতা ও পরিচ্ছন্নতা কর্মীদের জন্য অনুদান প্রদানের জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ১৩টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার হিসেবে অনুদান প্রদান করেন।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ ১৩ সিটি কর্পোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছরের পবিত্র ঈদুল ফিতরেও সিলেটসহ দেশের সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রী ঈদ উপহার প্রদান করেছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি