নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর দপ্তরীপাড়া রায়নগর (প্রত্যয়-৮১) এলাকার মো সমছু উদ্দিন খান অভিযোগ করেছেন, তার কেনা জমির দখল ছাড়তে তাকে হুমকি দেওয়া হচ্ছে।
বুধবার (২০ মে/৬ জৈষ্ঠ্য) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সমছু উদ্দিন খান আশঙ্কা করেছেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে যখন তখন অঘটন ঘটিয়ে তার জমি দখল করা হতে পারে।
লিখিত বক্তব্যে জানানো হয়, তিনি এসএমপির শাহপরাণ থানার দেবপুর প্রকাশ মুকিরপাড়ার মৃত রূপা মিয়ার ছেলে মঞ্জু মিয়ার নিকট থেকে সাফ কবালা দলিলে সিলেট সদরের দেবপুর মৌজার (জেএল নং ৯৬, ১৩৬২ এসএ দাগের ৭৯৫ নং খতিয়ান) ৭৮ শতক ভূমি ক্রয় করেছিলেন। যাবতীয় খাজনাও প্রদান করছিলেন;কিন্তু ২০১৭ সালে এসএ রেকর্ডীয় মালিকদের উত্তরাধিকারীরা আপত্তি জানালে সিলেট সদর সহকারী কমিশনার (ভূমি) নামজারী বাতিল করে দেন। তিনি এ আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) আদালতে নামজারী মামলা (নং-৪৭/২০১৭) দায়ের করেন। ২০২১ সালে এসএ রেকর্ডীয় মালিকদের উত্তরসূরিরা আমোক্তারনামার মাধ্যমে তাদের স্বত্ব ত্যাগ করেন। এই ভূমি বর্তমানে তার দখলে রয়েছে। সেখানে ঘর ও গাছপালা আছে এবং তার একজন কেয়ারটেকারও বসবাস করছেন।
আরো অভিযোগ করা হয়, তার ক্রয় করা এই ভূমি দখলের জন্য শাহপরাণ থানার মিরাপাড়ার মৃত ছটু মিয়ার ছেলে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের বড় নেতা পরিচয় দানকারী রাশেদ আহমদ সাদ্দাম ও তার সহযোগীরা তৎপর হয়ে উঠেছেন। তাদের হুমকিতেই তিনি অসহায় বোধ করছেন।
তিনি আরো জানান, রাশেদ আহমদ সাদ্দাম এখন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতা পরিচয়ে গোটা এলাকাবাসীকে তটস্থ করে রেখেছেন। এ ব্যাপারে তিনি গত ২৩ এপ্রিল পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দিলেও পুলিশ অজ্ঞাত কারণে নীরব রয়েছে।
সমছু উদ্দিন খান জানান, গত ১৮ মে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক এই ভূমির উপর ১৪৫ ধারায় স্থিতাবস্থা জারি করেছেন। একই সাথে সিলেট সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও শাহপরাণ থানার ওসি ও সার্ভেয়ার, উপজেলা ভূমি অফিস বা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে দখল বিষয়ক স্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। শাহপরাণ থানার ওসিকে স্থিতাবস্থা বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সমছু উদ্দিন খানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার নাতি রুহেল আহমদ।