বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে যুগান্তর গণমানুষের মন জয় করেছে : সাইফুল আলম

প্রকাশিত October 22, 2017
বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে যুগান্তর গণমানুষের মন জয় করেছে : সাইফুল আলম

দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম বলেছেন, প্রতিষ্ঠার প্রথম থেকেই নীতির প্রশ্নে আপসহীনভাবে কাজ করে যাচ্ছে দৈনিক যুগান্তর। ব্যক্তি, গোষ্ঠী কিংবা প্রতিষ্ঠানের বলয়ের বাইরে থেকে পত্রিকাটি এগিয়ে যাচ্ছে। সত্য প্রকাশে আপসহীনতার কারণে যুগান্তর গণমানুষের পত্রিকা হয়ে দাঁড়িয়েছে। এটা একদিনে অর্জিত হয়নি।
দৈনিক যুগান্তরের সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার দুপুরে সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহের সভাপতিত্বে ও সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান রিপনের পরিচালনায় মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, দৈনিক যুগান্তরের মফস্বল সম্পাদক নাঈমুল কারীম নাঈম, সার্কুলেশন ম্যানেজার আবুল হাসান ও লন্ডন প্রতিনিধি গোলাম মোস্তফা ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম আরো বলেন, বর্তমানে দেশে তিন হাজারেরও বেশি সংবাদপত্র রয়েছে। সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি এটা অনেকটা অশনি সংকেতও। কিছু কিছু গণমাধ্যম নিজেদের মধ্যে এক অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে, যার মাশুল প্রথম সারির পত্রিকাগুলোকে দিতে হচ্ছে। গণমাধ্যম অনেক সময় গণমানুষের কথা বলে না। এসব ক্ষেত্রে গণমাধ্যম প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। গণমাধ্যমকে সত্যিকার অর্থে গণমানুষের মুখপত্র হয়ে উঠতে হবে। সমৃদ্ধ মর্যাদাবান পত্রিকাই গণমাধ্যমের প্রতি দেশের মানুষের আস্থা ফিরিয়ে দিতে পারে।