নিজস্ব প্রতিবেদক : সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক যুব পর্যটক মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরেকজন। ফায়ার সার্ভিস কর্মীরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, মঙ্গলবার দুপুরের দিকে পিয়াইন নদীতে গোসল করতে নেমে ডুবে যান ময়মনসিংহের ভালুকা এ্যাপলো ইনস্টিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী কামাল শেখ। তার বাবার নাম রশিদ শেখ। প্রায় দেড়ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে দুপুরে জাফলং বেড়াতে আসা চট্টগ্রামের ভাঙ্গাপুর এলাকার সিরাজুল মাওলার ছেলে ফয়সল হোসেন সৌরভ নিখোঁজ হন। তিনি চট্টগ্রাম সিটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার সন্ধানে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন।