সিলেটবাসীকে উন্নয়নের যে সুখবর দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রকাশিত November 18, 2026
সিলেটবাসীকে উন্নয়নের যে সুখবর দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটবাসীকে বড় ধরনের উন্নয়নের সুখবর দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আর খবরটি হলো, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় জেলার গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন লাভ করেছে।
বুধবার (১৮ নভেম্বর/৩ অগ্রহায়ণ) এক বার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, একনেক সভায় উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে সেতু নির্মাণ প্রকল্পের অধীনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৮টি ও কোম্পানীগঞ্জ উপজেলায় ৩টি সহ মোট ১১টি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সিলেটের এই ৩ উপজেলার জন্য সর্বমোট ৪২৩ কোটি ১০ লাখ টাকার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।
এর মধ্যে গোয়াইনঘাট উপজেলায় ১৩৯ কোটি ৫০ লাখ টাকা, কোম্পানীগঞ্জ উপজেলায় ১৫০ কোটি ৭৫ লাখ টাকা ও জৈন্তাপুর উপজেলায় ১৩২ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সিলেটের অবকাঠামো উন্নয়নে এই বিশাল বরাদ্দ অনুমোদনের জন্য মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্ত্রী আরো উল্লেখ করেছেন, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের অধীনে আরও ৫২০ কোটি টাকা বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সিলেট জেলাধীন গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ইতোমধ্যে সর্বমোট ৪৯ কোটি ৮২ লাখ টাকার সরকারি আদেশ (জিও) জারি হয়েছে।
এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাদ্দ থেকে সিলেট-৪ আসনে ৫০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রকল্প প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানিয়েছেন।
সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর উদ্যোগ ও প্রচেষ্টায় এসব উন্নয়ন প্রকল্প অনুমোদন পাওয়ায় গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে পর্যটন, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতির বিকাশে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সকালে সচিবালয়ে একনেকের এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। পিআইডি সিলেট