`করব সমবায় গড়ব দেশ, সবার বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার (৮ নভেম্বর/২৩ কার্তিক) জেলা শিল্পকলা একাডেমিতে সিলেট সমবায় বিভাগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সমবায় একটি সংগঠিত সামাজিক ও অর্থনৈতিক আন্দোলন। সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সমবায়ের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। বাংলাদেশের সমবায় আন্দোলন দীর্ঘদিনের পথপরিক্রমায় দেশব্যাপী বিস্তৃত হয়েছে। এ আন্দোলনকে আরও গতিশীল করতে সমবায়ীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, সিলেটে সমবায় কার্যক্রম সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলে অনেক সমবায় সংগঠন ও বিপুল সংখ্যক মানুষ রয়েছেন, যাদের সম্মিলিত উদ্যোগকে কাজে লাগানো গেলে সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব।
এজন্য সমবায়ীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে এগিয়ে নিতে তিনি আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোনো উদ্যোগে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সমবায়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি সমবায়ের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ ও সিলেট বিভাগীয় সমবায় বিভাগের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ গিয়াস উদ্দিন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সংগঠনের নেতা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আয়োজিত সমবায় পণ্য মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সম্মাননা স্মারক বিতরণ করা হয়। পিআইডি সিলেট