সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করলেন সিসিক প্রশাসক

প্রকাশিত November 8, 2026
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করলেন সিসিক প্রশাসক

সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।
সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা, পারস্পরিক সৌহার্দ্য ও বিনোদনের সুযোগ সৃষ্টি করতে দৈনিক জৈন্তাবার্তার সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতা উদ্বোধন করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
ক্রীড়া প্রতিযোগিতায় সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যরা অংশ নিচ্ছেন।
রবিবার (৮ নভেম্বর/২৩ কার্তিক) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।
এ সময় তিনি বলেন, সাংবাদিকদের ব্যস্ততার শেষ নেই। পেশাগত দায়িত্ব পালনে দিনের অধিকাংশ সময়ই তাদেরকে কাজের মধ্যে থাকতে হয়। সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও পরিবেশন সহ নানা দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় নিজেদের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য পর্যাপ্ত সময় বের করা সম্ভব হয় না। এ অবস্থায় মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলা এবং বিনোদনের বিকল্প নেই।
তিনি বলেন, সাংবাদিকদের শুধু কাজ করলে হবে না, কাজের বাইরেও নিজেকে সময় দিতে হবে। পরিবার-পরিজনকে সময় দিতে হবে। নিয়মিত খেলাধুলা ও বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। এতে শরীর ও মন ভালো থাকবে, কর্মক্ষেত্রের একঘেয়েমি দূর হবে এবং নতুন উদ্যমে পেশাগত দায়িত্ব পালনের আগ্রহ তৈরি হবে। খেলাধুলা মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।
সিসিক প্রশাসক আরও বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। তারা প্রতিনিয়ত মানুষের কথা তুলে ধরেন এবং সমাজের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করেন। তাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবনযাপনের সুযোগ তৈরি করাও জরুরি।
সিলেট জেলা প্রেসক্লাবের এ উদ্যোগ সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সিলেট জেলা প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা পরিষদের আহ্বায়ক, সংগঠনের কোষাধ্যক্ষ আনন্দ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির লন্ডন রিজিয়নের সেক্রেটারি তোফাজ্জল আলম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এবং সহসাধারণ সম্পাদক রবিকিরন সিংহ রাজেশ।
বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় নিয়োজিত ব্যক্তিদের প্রতিনিয়ত নানা ধরনের চাপ ও ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করতে হয়। তাই পেশাগত দায়িত্বের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ ধরনের আয়োজন সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনে আনন্দ ও স্বস্তি এনে দেওয়ার পাশাপাশি পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমেদ জামিল। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য দেবাশীষ দেবু, সাঈদ চৌধুরী টিপু, কাইয়ুম উল্লাস ও মিসবাহ উদ্দিন আহমদ সহ অন্যরা। সংবাদ বিজ্ঞপ্তি