সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট দক্ষিণ সুরমায় যানজটের দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে মহানগরীর স্টেশন রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এক প্রস্তাবে এ দাবি জানানো হয়।
প্রস্তাবে বলা হয়, বেপরোয়া পরিবহন শ্রমিকদের আইন না মানার প্রবণতার ফলে দক্ষিণ সুরমায় যানজটে এলাকাবাসী অতীষ্ঠ। অপরিসর স্টেশন রোডের ফুটপাত দখলে থাকায় ও সড়ক নিয়ন্ত্রণ কমিটি-আরটিএর সিদ্ধান্ত অমান্য করে এ সড়ক দিয়ে চলাচলের কারণে মহানগরীর প্রবেশমুখে দুর্বিসহ যানজটের সৃষ্টি হয়। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নসমূহের কর্তা ব্যক্তিদের এ দিকে দৃষ্টি নেই।
সভার অপর এক প্রস্তাবে চলমান রমরমা মাদক ব্যবসা, অবাধ তীর জুয়া, চুরি-ছিনতাই, পুলিশ অ্যাসল্ট ইত্যাদি নানা অপকর্মের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে পুলিশ প্রশাসনের আরো কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
আরেক প্রস্তাবে দূষণ ও দখলে বিলুপ্ত প্রায় দক্ষিণ সুরমা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড দিয়ে প্রবাহিত নদ-নদী-খাল-নালা-বিল উদ্ধার করে চলতি শীত মৌসুমের মধ্যে পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নের সুপারিশ জানানো হয়।
এছাড়াও সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেটের অন্যতম উপদেষ্টা শিল্পপতি হুমায়ুন আহমেদ ও বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিনের আশু সুস্থতা কামনা করা হয়।
সংগঠনের আহবায়ক আব্দুল আহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলরের পরিচালনায় সভায় বক্তব্য দেন ফরিদুর রহমান, আব্দুল মালেক তালুকদার, জাহাঙ্গীর খান, নূরুল ইসলাম সুমন, শেখ মো লায়েক মিয়া, দিলোয়ার হোসেন রানা, সেলিম আহমদ শেমিম, মো খলিল মিয়া, আনোয়ার হোসেন জুবায়ের প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি