নিজস্ব প্রতিবেদক : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ইয়াবা সহ ৪ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল শনিবার (৭ নভেম্বর) আনুমানিক রাত সোয়া ১২টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামে একটি বসতবাড়িতে অভিযান চালায়।
এ সময় পলায়নরত ৭/৮ জনের মধ্যে ৪ জনকে আটক করা হয়। তারা হলো উপজেলার বাসুল্লা গ্রামের এ টি এম হেলাল (৫৬, পিতা মোহাম্মদ আলী) ও কাজী রুবেল (২৩, পিতা আব্দুল মজিদ), মো তারেক মিয়া (২৬, পিতা আব্দুল মালেক, মহদিরকোনা) এবং বাবুল তালুকদার (৩৯, পিতা আব্দুল হামিদ তালুকদার, গাজীনগর)।
পরে সেই বসতঘরে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুতকৃত ২টি লোহার চাকু, ১টি কাঠের বাটযুক্ত লোহার চাকু, ২টি সুইচ গিয়ার চাকু, ২টি লোহার বল্লম, ১টি দা, ১টি চাপাতি, ১টি রামদা, ২টি করাত, ১টি লোহার পাত, ১টি মোটরসাইকেলের লোহার চেইন ও ২টি লোহার সুজ সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
এছাড়াও আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে এ টি এম হেলালের প্যান্টের পকেট থেকে ১৮৫ পিস, কাজী রুবেলের প্যান্টের পকেট থেকে ১৫৫ পিস ও মো তারেক মিয়ার প্যান্টের পকেটে থেকে ২০০ পিস মিলিয়ে সর্বমোট ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তাদেরকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামতগুলো চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।