সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশী নিহত || প্রবাসী কল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

প্রকাশিত September 8, 2026
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশী নিহত || প্রবাসী কল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে রিয়াদ–তায়েফ সড়কের রিদওয়ান সেতুর প্রায় ৭ কিলোমিটার পর আল-হাওয়িয়াহর দিকে একটি ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া ও শাহ আলম প্রাণ হারান। তাদের সবার বাড়ি সিলেট বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
করিম উদ্দিন ও খালিদ মিয়ার বাড়ি কানাইঘাট উপজেলায়। মরদেহগুলো আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো নুরুল হক এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তারা জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রতিমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই অসীম কষ্ট সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি