সিলেট আসছেন রাষ্ট্রপতি || সংবর্ধনা দিবে সিসিক || প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত September 7, 2026
সিলেট আসছেন রাষ্ট্রপতি || সংবর্ধনা দিবে সিসিক || প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন। এ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর/২৩ ভাদ্র) জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ-সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা মো নাসির উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, রাষ্ট্রপতি সিলেট সফরকালে হজরত শাহজালাল (র) ও হজরত শাহপরাণ (র) মাজার জিয়ারত করবেন।
এছাড়া সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটের সকল সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত থাকা এবং অফিসের চারপাশ ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সহ সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
পাশাপাশি মহানগরীর রাস্তাসমূহ চলাচল উপযোগী রাখা, বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ এবং রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
সভায় মহানগরীর রাস্তার পাশের সিএনজি স্টেশনগুলো লালদিঘির পাড়ে স্থানান্তরের নির্দেশনাও প্রদান করা হয়। এছাড়া রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে বহরে জরুরি চিকিৎসা সহায়তার জন্য মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিসের গাড়ি প্রস্তুত রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সিলেটজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা প্রদান করা হয়। পিআইডি