নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে মিছিল করায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সক্রিয় কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন মো সোহেল আহমদ (২০, পিতা মো আবু বক্কর সিদ্দিক, স্থায়ী ঠিকানা : কামালপুর, ধোবাউড়া, ময়মনসিংহ; বর্তমান ঠিকানা : জল্লারপাড়, বাসা নং ৬৯, সিলেট) ও রবিউল ইসলাম হৃদয় (২৬, পিতা আব্দুস শহীদ, দিঘলী রামপুর, ছাতক, সুনামগঞ্জ; বর্তমান ঠিকানা : ৬৩/১, ব্লক সি, কয়েছ মিয়ার বাসা, নেহারীপাড়া, আখালিয়া, সিলেট)।
মহানগর পুলিশ জানায়, গত ২৮ আগস্ট মহানগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা (নং-৫৩, তারিখ ৩০ আগস্ট ২০২৬, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৯(৩)/১০/১১/১২/১৩) দায়ের করা হয়।
মামলার তদন্তে সিসিটিভি ও ভিডিও ফুটেজ সহ বিভিন্ন তথ্য যাচাই করে মিছিলে এ দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।
পুলিশ সোহেল আহমদকে ৪ সেপ্টেম্বর জল্লারপাড় এলাকা থেকে আর রবিউল ইসলাম হৃদয়কে ৬ সেপ্টেম্বর নেহারীপাড়া এলাকা গ্রেফতার করে।
পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।