নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে হবিগঞ্জের বাহুবলে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের একটি যৌথ আভিযানিক দল সোমবার (৭ সেপ্টম্বর) বাহুবল উপজেলার মীরপুর বাজারে অভিযান পরিচালনা করে।
এ সময় পণ্যের মোড়ক ব্যবহার না করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ ও নকল পণ্য সরবরাহের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭, ৩৮, ৩৯, ৪৩ ও ৪৫ ধারায় আলী এন্টারপ্রাইজের মালিককে ১০ হাজার টাকা, যমুনা রেস্টুরেন্টের মালিককে ১০ হাজার টাকা, চামেলী ভেরাইটিজ স্টোরের মালিককে ৬ হাজার টাকা, মায়ের দোয়া ফল ভান্ডারের মালিককে ২ হাজার টাকা ও বনফুল এন্ড কোম্পানির মালিককে ১০ হাজার টাকা মিলিয়ে সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।