বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারে বিএনপি সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর/২১ ভাদ্র) দিনব্যাপি মরহুমের পরিবার, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে।
সকালে এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়ি সদর উপজেলার বাহারমর্দনে কোরান খতমের আয়োজন ও তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে বাদ যোহর মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়।
দুপুরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, এম সাইফুর রহমানের পুত্র মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো মুজিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপির সভাপতি মো অলিউর রহমান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান সহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুম সাইফুর রহমানের রাজনৈতিক-সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বিএনপির নেতৃবৃন্দ বলেন, সিলেটের উন্নয়নে সাইফুর রহমানের অবদান আজও স্মরণীয় হয়ে আছে।