ব্রিটেনের সমাজসেবামূলক সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা ঢালারপার এলাকায় বুধবার (২৮ জানুয়ারি) দিনমজুর ও খেটে খাওয়া মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের জন্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের অ্যাডভাইজার ফয়জুর রহমান চৌধুরী এর উদ্বোধন করেন। এছাড়া ক্যাম্প চলাকালে ব্রিটেন থেকে সংগঠনের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর টেলিকনফারেন্সে এই মানবিক কর্মসূচি বাস্তবায়নের জন্যে নর্থ রিজিওনাল কমিটি ও বাংলাদেশ টিমের সবার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ ও সবার সহযোগিতা কামনা করেন।
মেডিক্যাল ক্যাম্পে যুক্তরাজ্য থেকে আগত এনএইচএস হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা মাহবুবুর রহমান চৌধুরী চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।
ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেটের রেজিস্ট্রার ডা রাজবীর আহমেদ। এছাড়াও চিকিৎসা কার্যক্রমে অংশ নেন নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা তৌহিদা চৌধুরী।
মেডিক্যাল ক্যাম্পে নবজাতক শিশুদের চিকিৎসা, চক্ষু চিকিৎসা, সাধারণ রোগব্যাধি ও হৃদরোগ সংক্রান্ত পরামর্শ এবং রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
এই সময় বক্তব্যে ফয়জুর রহমান চৌধুরী বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো।’
তিনি জানান, ফিলিস্তিনের গাজাসহ দেশের ও দেশের বাইরে বিভিন্ন এলাকায় তারা নিয়মিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প করে থাকেন।
ডা মাহবুবুর রহমান চৌধুরী বলেন, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকলে অনেক রোগের ঝুঁকি কমে যায়। সংবাদ বিজ্ঞপ্তি