বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা শফিকুর রহমান বলেছেন, বন্যাসহ সকল বিপদ মুছিবত মহান আল্লাহর পক্ষ থেকে আসে। কোন বিপদই স্থায়ী হয়না। আল্লাহর পরীক্ষা শেষ হলে বিপদও কেটে যায়। সাম্প্রতিক ভয়াবহ বন্যার শুরু থেকে জামায়াত বন্যার্তদের পাশে সাধ্যমতো সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছিল। সেই সময়ে বিবেকের তাড়নায় অনেকেই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তবে দুঃখজনক হলেও সত্য যে, বন্যার পানি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সরকারসহ বিত্তবান-সামর্থবানরাও চলে গেছেন; জামায়াতে ইসলামী বন্যায় ক্ষতিগ্রস্তদের ছেড়ে যায়নি।
বুধবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে মহানগরীর দক্ষিণ সুরমা এলাকার ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের জন্য ১২টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দলের মহানগর সহকারী সেক্রেটারি ড নূরুল ইসলাম বাবুল, দক্ষিণ সুরমা থানা সেক্রেটারি ফয়জুল ইসলাম জায়গিরদার, সহকারী সেক্রেটারী কাজী জাফর আহমদ, ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, ফয়জুর রহমান আযাদ, তুরন মিয়া, জামায়াত নেতা অ্যাডভোকেট মকসুদ আহমদ, এস এম মুসা, আবুল লেইছ, আরাফাত রহমান, দক্ষিণ সুরমা পূর্ব থানা ছাত্রশিবির সভাপতি তোফায়েল আহমদ ও সাবেক ছাত্রনেতা মামুন হোসাইন।-সংবাদ বিজ্ঞপ্তি