সিলেট মহানগরীর দক্ষিণ খোজারখলার লাউয়াই-কাঁশবন রাস্তা সংস্কারের দাবিতে দক্ষিণ সুরমা যুবকল্যাণ পরিষদ সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বকস লিপন ও সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বরাবরে স্মারকলিপি দিয়েছে।
পৃথক পৃথকভাবে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমদ তালুকদার, জ্যেষ্ঠ সহসভাপতি শাহীনুর রহমান, উপদেষ্টা নজরুল ইসলাম খান, যুব সংগঠক আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম খান, রুবেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব হাসান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোহাম্মদ আলী কানু, দক্ষিণ সুরমা যুবকল্যাণ পরিষদের প্রচার সম্পাদক ইমরান আহমদ, সাদ্দাম আহমদ, লুৎফুর রহমান প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এ রাস্তায় অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়ে যান ও হেঁটে চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। এছাড়াও রাস্তা থেকে ড্রেন উঁচু হওয়ায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে। দক্ষিণ খোজারখলায় লাউয়াই-কাঁশবন রাস্তা অর্ধেক পাকা হলেও পুরো রাস্তার কাজ শেষ না হওয়ায় লাউয়াই, রায়েরগ্রাম, বরইকান্দি ও কামুশনাসহ বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করছেন।–সংবাদ বিজ্ঞপ্তি