সিলেটের দক্ষিণ সুরমায় রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ও জেলা স্যানেটারি ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে ৬টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে সৈয়দ কুতুব জালাল মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিডিজি রোটারিয়ান ড মঞ্জুরুল হক চৌধুরী।
তিনি বলেন, রোটারিয়ানরা প্রতিটি দূর্যোগময় মুহুর্তে মানবতার জন্য নিজেদের উৎসর্গ করেন। সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যার শুরু থেকে রোটারিয়ানরা বন্যার্তদের পাশে আছেন। খাবার ও বিশুদ্ধ পানিসহ ওষুধপত্র দিয়ে বন্যা কবলিতদের সহায়তা করে যাচ্ছেন। ইতোমধ্যে বন্যার্তদের জন্য রোটারিয়ানদের পক্ষ থেকে ৫০ লাখ টাকার একটি তহবিলও গঠন করা হয়েছে।
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের প্রেসিডেন্ট রোটারিয়ান ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রোটারি এরিয়া ডাইরেক্টর রোটারিয়ান হানিফ মোহাম্মদ, জেলা স্যানেটারি ব্যবসায়ী সমিতির সভাপতি এ জেড এম আব্দুল্লাহ আফরোজ, সহসভাপতি ছালেক খান ও সাধারণ সম্পাদক মো জাকির হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ কুতুব জালাল মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজু, রোটারি ডিস্ট্রিক্ট এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান কাজী ময়নুল ইসলাম হেলাল, পিপি রোটারিয়ান ইয়াকুতুল গনি ওসমানী, পিপি রোটারিয়ান কবির উদ্দিন, শাহ মাহমদ আলী, ইউপি সদস্য আলতাফ হোসেন ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য জিয়াউল হক।
অনুষ্ঠানে বন্যার্তদের মধ্যে খাদ্য, প্রবীণদের মধ্যে নগদ টাকা, অসহায় দুস্থদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ এবং বিদ্যালয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি