জিয়ার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতোনা : দাবি মহিলা দলের

প্রকাশিত June 1, 2022
জিয়ার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতোনা : দাবি মহিলা দলের

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে দলের সভাপতি ও সাবেক সিসিক কাউন্সিলর সালেহা কবির শেপীর বাসায় এ কর্মসূচির আয়োজন করা হয় ।
সালেহা কবির শেপীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুমের পরিচালনায় সভার শুরুতেই জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনাকালে বক্তারা বলেন, ‘জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। ১৯৭১ সালের ২৫ মার্চ শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের হেফাজতে গিয়ে আয়েশী জীবন যাপন করছিলেন ঠিক তখনই নিজের জীবনবাজি রেখে তৎকালীন মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার ডাকে সাড়া দিয়ে এদেশের সর্বস্তরের জনতা পাক বাহিনীকে প্রতিহত করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই দেশী-বিদেশী ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপথগামী সেনা সদস্যদের হাতে তাকে নির্মমভাবে শহীদ হতে হলো। আজ ইতিহাস বিকৃতি করা হচ্ছে। ইনশাআল্লাহ এর হিসাব একদিন দিতে হবে।’
সভায় বক্তব্য রাখেন, মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সামিয়া বেগম চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিসিকের প্যানেল মেয়র অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ, জেলা সহসভাপতি আম্বিয়া বেগম, যুগ্মসাধারণ সম্পাদক মিলি আক্তার, সাংগঠনিক সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, সহদপ্তর সম্পাদক জাহারা আহাদ রুবিন, প্রচার সম্পাদক সালমা আক্তার ও লিটা বেগম।-সংবাদ বিজ্ঞপ্তি