‘কর্মমুখী প্রশিক্ষণ দারিদ্র্য বিমোচনে টেকসই ভূমিকা রাখবে। যারা দুই মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ নিয়ে বের হয়ে গেলেন তারা কর্মক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজ পরিবারে স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারবেন। প্রতিযোগিতার এই যুগে বিদেশেও দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমান সরকার কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে চায়। এই দক্ষ জনশক্তির মাধ্যমেই দেশ ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।’
মঙ্গলবার বিকেলে সিলেট মহানগরীর ঘাসিটুলায় ইউসেপ বাংলাদেশ পরিচালিত ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের সম্মেলন কক্ষে সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ‘সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি-সিভিডিপি ৩য় পর্যায়ে শীর্ষক প্রকল্পের টেইলারিং এন্ড ড্রেস মেকিং বিষয়ক দুই মাসব্যাপি প্রশিক্ষণ কোর্সের’ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের সেন্টার ইনচার্জ এস এম আবু জাফর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, সিভিডিপির সহকারী প্রকল্প পরিচালক মো আজিজুল হক, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ইউসেপ বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আব্দুল কাইয়ুম মোল্লা ও ইউসেপ বাংলাদেশ, সিলেট অঞ্চলের সিনিয়র কর্মকর্তা (ফাইন্যান্স) মো শামসুল আলম।
ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের শিক্ষক মো শাহ আলম ও শিক্ষক কৃষ্ণ চন্দ্র দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক বিদ্যুৎ তালুকদার, শাহিদা জামান, জান্নাতুল ফেরদৌস ও ফাহাদ চৌধুরী, টিডিএম প্রশিক্ষক খাদিজা আক্তার ও সোহাদা আক্তার। অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন, প্রশিক্ষণার্থী মো আহসান হাবিব।
পরে ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের সিসিএম কমিটির পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য, ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের উদ্যোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২০ বেকার যুবককে এই টেইলারিং এন্ড ড্রেস মেকিং বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।-সংবাদ বিজ্ঞপ্তি