এমইউ ফিনিক্স দল ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার রিজিওনাল সামিটে যাচ্ছে

প্রকাশিত May 18, 2022
এমইউ ফিনিক্স দল ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার রিজিওনাল সামিটে যাচ্ছে

মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের শিক্ষার্থীদের টিম ‘ফিনিক্স’ ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার পাকিস্তানের ইসলামাবাদ রিজিওনাল সামিটের (২০২২) জন্যে মনোনীত হয়েছে।
‘হাল্ট প্রাইজ’ মূলত বিশ্বব্যাপী তরুণ উদ্যোক্তা অন্বেষণে একটি প্রতিযোগিতা। হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল ও জাতিসংঘের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ফিনিক্স টিমের ব্যবসা প্রস্তাবনাটি ছিল ফ্রিল্যান্সার (ঠিকা) সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীদের মধ্যে সংযোগ স্থাপন করা।
‘হাল্ট প্রাইজ ২০২২’ প্রতিযোগিতার মূল উপপাদ্য ছিল সকলের জন্য পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা।
ফিনিক্স টিমের ব্যবসা প্রস্তাবনার মাধ্যমে শ্রমিক, দিনমজুর ও মিস্ত্রি সহ আরও অনেক অনানুষ্ঠানিক পেশার জন্য পূর্ণাঙ্গ কর্মসংস্থান তৈরি হবে এবং তাদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা ও শ্রম অধিকার নিশ্চিত হবে। অপরদিকে গ্রাহকরা দ্রুত, কার্যকরী ও নিরাপদ সেবার নিশ্চয়তা পাবে।
অন ক্যাম্পাস রাউন্ডে ১২টি দলকে পরাজিত করে ফিনিক্স দলটি বিজয়ী হয়।
রিজিওনাল রাউন্ডটি বিশ্বের ১৬টি শহরে অনুষ্ঠিত হচ্ছে। আবীর রহমান (ত্রিপল ই বিভাগ), জি এম সিফাত ইকবাল (ত্রিপল ই বিভাগ) ও রাভিনা বেগমের (বিবিএ বিভাগ) সমন্বয়ে গঠিত মেট্রোপলিটান ইউনিভার্সিটির দল পাকিস্তানের ইসলামাবাদ রিজিওনাল সামিটে ২০ ও ২১ মে বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ৬০টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।-সংবাদ বিজ্ঞপ্তি