তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মদ খেয়ে মাতলামি করার অপরাধে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
তার নাম গোলাপ মিয়া। সে উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বাদাঘাট বাজারে গোলাপ মিয়া মদ খেয়ে মাতলামি করার এক পর্যায়ে বাড়ির লোকজনকে মারপিট শুরু করে। খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমির উদ্দিন পুলিশ নিয়ে সেখানে গিয়ে তাকে আটক করে নিয়ে আসেন।
পরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইমতিয়াজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোলাপ মিয়াকে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে সুনামগঞ্জ কারাগারে প্রেরণের নির্দেশ করেন।