সিলেটে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়রের সংবর্ধনা

প্রকাশিত July 30, 2019
সিলেটে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়রের সংবর্ধনা

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহের প্রতি অতি সদয় ও সহানুভূতিশীল। তিনি ময়মনসিংহকে বিভাগ করেছেন, বিভিন্ন উন্নয়ন কাজের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন করছেন। সিলেট-ময়মনসিংহ আন্তঃনগর ট্রেন চালুকরণ গণদাবি হয়ে উঠেছে। তিনি অবশ্যই এ দাবি পূরণ করবেন।
সোমবার সিলেটে বৃহত্তর ময়মনসিংহবাসী ও শাবিপ্রবির ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশন আয়োজিত নবীণবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেমুসাসের শহীদ সোলেমান হলে অধ্যাপক ড মো মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সিলেট-ময়মনসিংহ আন্তঃনগর ট্রেন চালুকরণ বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মাহবুবুল হক ও শাবিপ্রবির এস এম আব্দুল্লাহ রনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান ও সিসিক মেয়রপত্নী শামা হক চৌধুরী। এছাড়াও ভৈরব পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শাহীন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিকৃবি শাখার সভাপতি অধ্যাপক ড আব্দুল বাছেত, জামালপুর-শেরপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক ড নিজাম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা সীতেষ কান্তি সাহা সহ অন্যরা বক্তব্য রাখেন।